
চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা জাতিকে একটি উৎসবমুখর এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। রাষ্ট্র আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে ও নিরপেক্ষভাবে পালন করতে হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের প্রমাণ করতে হবে যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। জুলাই বিপ্লব ও মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে তিনি বলেন, আপনার-আমার ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তন সমুন্নত রাখতে যেকোনো কিছুর বিনিময়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাউজান সরকারি কলেজ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা ও ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই ব্রিফিং সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এস এম রাহাতুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং দিকনির্দেশনা দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খাঁনের প্রতিনিধি ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গোলাম মাঈনদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদ, বিজিবি কাপ্তাই জোন কমান্ডিং অফিসার মেজর ফারহাত আল নাঈম, সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) বেলাত হোসেন পিপিএম, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন গালিব, র্যাব-৭ এর ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর মো. নুরুল আলম এবং আনসার ভিডিপির চট্টগ্রাম জেলা সহকারী কমান্ডার ফরিদা পারভিন সুলতানা।
কর্মশালায় বক্তারা প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী আইন ও বিধিমালা মেনে অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পাশে থাকবে বলেও আশ্বস্ত করা হয়।
