বিজনেস স্ট্যান্ডার্ডের মিনহাজ উদ্দিনসহ ৬ চিত্রসাংবাদিক পুরস্কৃত


জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘ইকোস অব দ্য আর্থ: ফটোগ্রাফি ফর দ্য প্ল্যানেট’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর চট্টগ্রাম অফিসের চিত্রসাংবাদিক মিনহাজ উদ্দিনসহ মোট ছয়জনকে পুরস্কৃত করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং ‘বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)’-এর যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ‘জ্বালানি বিভাগ’-এ পুরস্কার অর্জন করেছেন মিনহাজ উদ্দিন (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)। একই বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) এবং দ্বিতীয় পুরস্কার লাভ করেছেন হাবিবুর রহমান (দ্য ডেইলি স্টার)। অন্যদিকে ‘পরিবেশ বিভাগ’-এ প্রথম পুরস্কার পেয়েছেন মামুনুর রশীদ (দৈনিক সমকাল), দ্বিতীয় মেহেদী হাসান (আজকের পত্রিকা) এবং তৃতীয় শেখ নাসির (দ্য ডেইলি স্টার)।

আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘বায়ু, পানি ও মাটি দূষণ’ এবং ‘জ্বালানি ও পরিবেশ’। জমা পড়া ১৫০০টি ছবির মধ্য থেকে বিচারকদের রায়ে সেরা ৩৫টি ছবি প্রদর্শনীর জন্য মনোনীত হয় এবং চূড়ান্তভাবে এই ছয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শারমীন এস মুরশিদ সমাজ ও রাষ্ট্রের বর্তমান অবস্থার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, পৃথিবীজুড়ে পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে আর আমাদের দেশের অবস্থা আরও শোচনীয়। কোটা আন্দোলন থেকে যদি সরকার পতন হতে পারে, তবে পরিবেশ, নদী এবং জলবায়ু পরিবর্তনের জন্য আরও বড় আন্দোলন হওয়া দরকার। আমাদের শিশুদের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হলে আমাদের যুদ্ধ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন যে সরকার গঠনের পর তারা নানা সংকট দেখেছেন এবং সমাজে একটি চৌর্যবৃত্তির কাঠামো দাঁড়িয়ে আছে। সরকার এবং তার চারপাশের সকলের দৃঢ় সংকল্প না থাকলে এই কাঠামো ভাঙা ও সংকট মোকাবিলা সম্ভব নয়। প্রদর্শিত ছবিগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা কেমন পরিবেশে বসবাস করছি বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ‘ধরা’-এর সদস্য সচিব শরীফ জামিল বলেন, একজন পরিবেশকর্মী সারাদিন কথা বলে মানুষকে যতটুকু বোঝাতে পারেন, একজন ফটো সাংবাদিকের তোলা একটি মাত্র ছবি তার চেয়ে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে। ঢাকা শহরের পরিবেশ কতটুকু খারাপ তা বোঝার জন্য এখন আর কোনো গবেষণার প্রয়োজন নেই, আমরা খালি চোখেই তা দেখতে পাচ্ছি এবং ঢাকার চারপাশের নদীগুলোকে আর নদী বলা যায় না বলে তিনি মন্তব্য করেন।

পুরস্কার বিতরণী ও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ, যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক ও ‘ধরা’র উপদেষ্টা কমিটির সদস্য ড. জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, তারা ক্লাইমেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর ড. শওকত আরা বেগম এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

আয়োজকরা জানিয়েছেন, দুই দিনব্যাপী এই প্রদর্শনী আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে চলবে এবং প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।