হাদি হত্যা তদন্তের দাবিতে সংঘর্ষে রণক্ষেত্র শাহবাগ, ডাকসু নেত্রী জুমাসহ আহত ২৫


রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নেন। এতে শাহবাগ মোড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

এর আগে বিকেল ৪টার দিকে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে এই সংঘর্ষের সূত্রপাত হয়। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের অ্যাকশনে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

সংঘর্ষের পর আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়েরের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি মিছিল বের হয়ে বিকেল সাড়ে ৫টায় শাহবাগ মোড় অবরোধ করে। সংঘর্ষে আহত ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার এবং জকসুর সদস্য শান্তা আক্তারসহ ২০-২৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইমরান হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত ২০ থেকে ২৫ জন রোগী এসেছেন। অনেকেরই ভর্তি ছাড়া প্রাথমিক চিকিৎসা চলছে।

সার্বিক পরিস্থিতি ও পুলিশি অ্যাকশন প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ইনকিলাব মঞ্চের বিক্ষুব্ধ লোকজন পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা ঘেরাওয়ের চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ জলকামানের ওপর উঠে সেটির ক্ষতি করার চেষ্টা করেন। এমন পরিস্থিতিতে জনস্বার্থে ও জানমাল রক্ষায় পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয়।

উল্লেখ্য, আগের দিন বৃহস্পতিবার বিকেল থেকে জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দুই ভাগে ভাগ হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার যমুনার সামনে অবস্থান করছিলেন শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাসহ কয়েকজন। অন্যদিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ কয়েক শ বিক্ষোভকারী।

একপর্যায়ে বেলা সাড়ে ৩টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ কয়েকজন যমুনার সামনে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর জের ধরেই ইন্টারকন্টিনেন্টালের সামনে থাকা ইনকিলাব মঞ্চের কর্মীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগোতে চাইলে পুলিশের সঙ্গে বড় ধরনের সংঘর্ষ বেধে যায়। পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে এবং পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। জবাবে ইনকিলাব মঞ্চের কর্মীরাও পুলিশের দিকে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করেন।