
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হুমাম কাদের চৌধুরীর সহধর্মিণী ও একেএস ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান বলেছেন, স্বাস্থ্য খাতে কাজের মাধ্যমে আমি জনগণকে প্রমাণ করতে চাই যে, আমরা শুধু আশ্বাস দিই না, যা বলি তা বাস্তবে করে দেখাই। আমরা জনগণকে স্বপ্ন দেখাচ্ছি না, বরং কাজ করে দেখাচ্ছি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ধানের শীষের পক্ষে আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামানজার খান বলেন, রাঙ্গুনিয়ার মানুষ চৌধুরী পরিবারকে দীর্ঘদিন ধরে চেনে। আমার শ্বশুর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ১৯৮৯ সাল থেকে একাধিকবার নির্বাচিত হয়ে রাঙ্গুনিয়ার উন্নয়নে কাজ করেছেন। কিন্তু গত ১৬-১৭ বছর ধরে চৌধুরী পরিবারের কেউ নির্বাচিত হওয়ার সুযোগ পাননি। কারণ এ সময় মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। যারা এই দীর্ঘ সময় জনপ্রতিনিধি ছিলেন, তারা রাঙ্গুনিয়ার মানুষের জন্য দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেননি। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও কোনো অগ্রগতি হয়নি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।
নিজের পরিচয় ও কাজের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, গত দেড় থেকে দুই মাস ধরে আমি নিয়মিত রাঙ্গুনিয়ায় আসছি। এই সুযোগটি করে দিয়েছেন আমার স্বামী হুমাম কাদের চৌধুরী। আমি শুধু একজন প্রার্থীর সহধর্মিণী নই, আমি একজন ব্যবসায়ী এবং স্বাস্থ্য খাতে কাজ করি। হুমাম আমাকে রাঙ্গুনিয়ার মানুষের সমস্যা শুনতে বলেছেন, বিশেষ করে নারীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়গুলো জানতে বলেছেন।
রাঙ্গুনিয়ার স্বাস্থ্য খাতের করুণ চিত্র তুলে ধরে তিনি বলেন, গত দুই মাসে ঘুরে দেখেছি, এখানে স্বাস্থ্য খাতে কাজ করার অনেক জায়গা রয়েছে। সামান্য প্রাথমিক চিকিৎসার জন্যও মানুষকে কষ্ট করে চট্টগ্রাম শহরে যেতে হয়। এসব চিন্তা থেকেই গত জানুয়ারি মাসে রানীরহাটে একটি আধুনিক ডায়াগনস্টিক সেন্টার চালু করেছি। সেখানে প্রাথমিক চিকিৎসা, চিকিৎসকের পরামর্শ, রক্ত পরীক্ষা, এক্স-রে ও আল্ট্রাসহ বিভিন্ন পরীক্ষার সুবিধা রয়েছে, যাতে মানুষকে আর শহরে ছুটতে না হয়।
নারীদের স্বাস্থ্যসেবা নিয়ে বিশেষ উদ্যোগের কথা জানিয়ে সামানজার খান বলেন, পাহাড়ি এলাকায় গর্ভবতী মায়েদের জন্য অ্যাম্বুলেন্স না পাওয়ার বিষয়টি আমাকে নাড়া দিয়েছে। এমনও শুনেছি, অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় মাঝপথেই মা ও শিশু মারা গেছে। তাই আমি রাঙ্গুনিয়ার জন্য প্রথম অ্যাম্বুলেন্স সেবা চালু করেছি। ০১৮০৫-৪৭০৭০০ নম্বরে কল করলে ৩০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। গর্ভবতী নারীদের জন্য এ সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সবাইকে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। লালানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম এইচ সুমন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মোনাফের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সৌদি আরব দাম্মাম প্রদেশ বিএনপির জয়েন্ট সেক্রেটারি ও লালানগর যুবদলের সদস্য সেকান্দর আলী পেয়ারু, লালানগর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী মেম্বার ও খোরশেদ আলম ফারুকী।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন আবদুস সফুর, মো. আনোয়ার, দিদারুল আলম, মো. সুমন, মো. মোরশেদ, আবদুল আজিজ, আজু, মো. সেলিম, মো. হারুন, আসিফ এবং টিপু প্রমুখ।
