
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান সনাতনী সম্প্রদায়ের ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে তিনি বদ্ধপরিকর। কোনো ধর্মীয় বৈষম্য নয়, বরং সবার অংশগ্রহণের মাধ্যমেই একটি উন্নত সমাজ গঠন সম্ভব।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর মুরাদপুর এলাকায় সনাতনী সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে সাঈদ আল নোমান তার পরিবারের অসাম্প্রদায়িক চেতনার ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আমার বাবা আসকার দিঘীর দুর্গাপূজা উদযাপন পরিষদের একমাত্র মুসলিম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পারিবারিক সেই শিক্ষা ও ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেই আমি এই সম্প্রদায়ের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।
ভোটারদের আশ্বস্ত করে ধানের শীষের এই প্রার্থী বলেন, ভোট দেওয়া আপনাদের নাগরিক অধিকার। গুজব বা ভীতিতে কান দেবেন না। প্রশাসন থেকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন।
এলাকার উন্নয়ন পরিকল্পনা ও সমস্যা সমাধান নিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে অবহেলিত রাস্তাঘাট সংস্কার এবং এই এলাকার তীব্র পানির সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া নগরবাসীর আতঙ্কের নাম ‘কিশোর গ্যাং’ দমনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি। তিনি বলেন, পিছিয়ে পড়া মানুষের পাশে থাকাই আমার রাজনীতির মূল লক্ষ্য।
মুরাদপুরে আয়োজিত এই মতবিনিময় সভায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা প্রার্থীর এই সময়োপযোগী প্রতিশ্রুতি ও অসাম্প্রদায়িক মনোভাবকে সাধুবাদ জানান। সভায় সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
