অবৈধ বালু উত্তোলনে ডুবল জাইকার ড্রেন: চকরিয়ায় উন্নয়ন কাজ বন্ধ, বিপাকে শ্রমিকরা


কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে জাইকার অর্থায়নে চলমান গুরুত্বপূর্ণ ড্রেনেজ ও প্রতিরক্ষা বাঁধ নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে বালু ব্যবসায়ীদের ড্রেজিংয়ের পানি উপচে পড়ে নির্মাণাধীন অবকাঠামো তলিয়ে যায়। এতে সারাদিন কাজ করতে না পেরে বিপাকে পড়েছেন প্রকল্পে নিয়োজিত শ্রমিকরা, আর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, জাইকার অর্থায়নে চকরিয়া পৌরসভার জালিয়াপাড়া অংশে ১৩০০ মিটার দৈর্ঘ্যের আধুনিক মানের ড্রেন এবং ৪০০ মিটার প্রতিরক্ষা ব্লক স্থাপনের কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইমু কনস্ট্রাকশন ব্যাপকভাবে এই উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছিল। কিন্তু বালুর পানিতে সাইট ডুবে যাওয়ায় কাজ সাময়িকভাবে থমকে গেছে।

জাইকার উন্নয়ন কাজে নিয়োজিত শ্রমিক মাঝি মনোয়ার হোসেন আক্ষেপ করে বলেন, শনিবার ভোরে পাশের বালু পয়েন্ট থেকে গলেপড়া পানিতে আমাদের কাজের স্থানটি পুরোপুরি ডুবে গেছে। এই অবস্থার কারণে উন্নয়ন কাজ বন্ধ রাখতে হয়েছে। ফলে শনিবার সারাদিন সাইটে থাকা ৪২ জন শ্রমিক কোনো কাজ করতে পারেননি। তিনি জানান, বিষয়টি সকালে চকরিয়া পৌরসভার প্রকৌশলীকে জানানো হলে তার নির্দেশে একজন উপসহকারী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, চকরিয়া পৌরসভার জালিয়াপাড়া অংশে চলমান ড্রেনেজ উন্নয়ন কাজের একেবারে লাগোয়া স্থানে কতিপয় প্রভাবশালী লোক মাতামুহুরী নদী থেকে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। বালুর গলেপড়া পানিতে উন্নয়ন কাজ বন্ধ হয়ে পড়ায় এলাকাবাসীর মনে শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবদুল মোনাফ ও রুহুল কাদের বলেন, উন্নয়ন কাজের পাশাপাশি এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না গেলে জাইকার অর্থায়নে নেওয়া এই ড্রেনেজ প্রকল্প যথাসময়ে সম্পন্ন হবে না। এতে এলাকার শত শত পরিবার আগামী বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন নিয়ে চরম দুর্ভোগের সম্মুখীন হবে। তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চকরিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, জাইকার অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজটি জনস্বার্থ সংশ্লিষ্ট। তাই বিষয়টি খোঁজখবর নিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।