পেকুয়ায় খোলা আকাশের নিচে ৩ পরিবার


কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের পেঠান মাতবর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে সর্তকতার কারণে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আহমেদ হোছাইনের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের আবু হুরাইরা ও মোস্তাক আহমেদের বাড়িতেও গ্রাস করে ফেলে। আগুনের ভয়াবহতা এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, বাড়ির মালামাল রক্ষা করার মতো কোনো সুযোগ পাননি ভুক্তভোগীরা।

ভুক্তভোগী আহমেদ হোছাইন কান্নাজড়িত কণ্ঠে জানান, বিকেলে হঠাৎ বাড়িতে আগুন দেখতে পাই। আমাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আসার আগেই তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তিনি দাবি করেন, এই অগ্নিকাণ্ডে তাদের তিনটি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর স্থানীয় লোকজন প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু বাতাসের তীব্রতা ও পানির অভাবে তারা ব্যর্থ হন। তবে সুখবর হলো, আগুন লাগার সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন দ্রুত নিরাপদে বেরিয়ে আসতে পারায় কোনো প্রাণহানি ঘটেনি।

পেকুয়া ফায়ার সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর দিদার জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষতির সঠিক পরিমাণ ও কারণ জানা যাবে।