হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে সবাই বাংলাদেশি হিসেবে বাঁচব: পটিয়ায় জামায়াত প্রার্থী


চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফরিদুল আলম বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে। হিন্দু, মুসলিম বা অন্যান্য ধর্মের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই বাংলাদেশি হিসেবে বাংলাদেশের ভূখণ্ডে একসাথে বসবাস করব।

শনিবার (৭ ফেব্রুয়ারি) পটিয়া উপজেলার কাশিয়াইশ ও আশিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।

ডা. ফরিদুল আলম তার বক্তব্যে বিগত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে জামায়াতে ইসলামী সম্পর্কে ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে বিভিন্ন অপপ্রচার ছড়ানো হয়েছিল। কিন্তু ৫ আগস্ট-পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামী সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছে এবং ভুল ভেঙেছে। তিনি জোর দিয়ে বলেন, আগামীর বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ এবং গঠিত হবে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র।

দিনব্যাপী এই গণসংযোগ ও পথসভায় ডা. ফরিদুল আলমের সঙ্গে উপস্থিত ছিলেন কালারপোল থানা জামায়াতের আমীর মাস্টার নাছির উদ্দীন, সেক্রেটারি মো. ইব্রাহিম, অ্যাডভোকেট সামশুল আলম, আশিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সানাউল্লাহ নুরী, পটিয়া সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ জুবাইর এবং ছাত্রশিবির নেতা হাসান আল বান্না প্রমুখ। নেতারা ভোটারদের আশ্বস্ত করেন যে, জামায়াত নির্বাচিত হলে পটিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্য দূর করা হবে।