পেকুয়ায় ২ হাজার লিটার মদসহ হাতেনাতে ধরা পড়ল কারবারি


কক্সবাজারের পেকুয়া উপজেলায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওলা সিং রাখাইন (২৮) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের রাখাইনপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

যৌথ বাহিনী ও থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, রাখাইনপাড়ার একটি বসতবাড়িতে গোপনে মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ওই এলাকায় ঝটিকা অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় স্থানীয় ওচামং রাখাইনের ছেলে ওলা সিং রাখাইনের বসতঘর তল্লাশি করে ড্রামভর্তি প্রায় ২ হাজার লিটার দেশীয় চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই এলাকায় গোপনে মদের কারবার চলে আসছিল। যৌথ বাহিনীর এই অভিযানের ফলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এমন বড় চালানের আটক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, যৌথ বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারবাকিয়া ইউনিয়নের রাখাইন পাড়া এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।