রাউজানে পাহাড়তলী আইডিয়াল স্কুলে ২২০ শিক্ষার্থীর হাতে পুরস্কার


চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী আধুনিক শিক্ষা নিকেতন পাহাড়তলী আইডিয়াল স্কুলে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার এক অপূর্ব মিলনমেলা বসেছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী শিক্ষা অফিসার নেজাম উদ্দিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কদলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলন কান্তি বড়ুয়া।

বিদ্যালয়ের শিক্ষিকা শান্তা দে-র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আলী আজগর, পাহাড়তলী চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মাবুদ খান, রাউজান প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক গাজী জয়নাল আবেদীন এবং শিক্ষক আজিজুল হক চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে একাডেমিক সাফল্য, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী বিজয়ীসহ মোট ২২০ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের পর বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের নাচ, গান ও আবৃত্তি উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই শিক্ষার্থীদের মেধা ও মননের প্রকৃত বিকাশ ঘটে। একটি সুন্দর ও সুস্থ জাতি গঠনে এমন আয়োজনের কোনো বিকল্প নেই।