
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
অভিযানে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ হোসেনের বাড়ি থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ফিরোজ হোসেনের দুই আপন ভাইকে আটক করেছে সেনা সদস্যরা।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে সাতকানিয়া উপজেলার উত্তর-পশ্চিম কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরপুর পোস্ট এলাকার চৌধুরীপাড়ায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—ওই এলাকার আবুল হাসেমের দুই পুত্র মো. জুবায়ের করিম (২৮) ও মোহাম্মদ মফিজুর রহমান (৩৫)। তারা দুজনেই ছাত্রদল নেতা ফিরোজ হোসেনের ভাই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয়রা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় কিছুদিন ধরে সন্দেহজনক তৎপরতার খবর পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী ওই এলাকায় গোপন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তথ্যের সত্যতা যাচাই-বাছাই শেষে রবিবার বিকেলে ফিরোজ হোসেনের বাড়িতে ঝটিকা অভিযান চালানো হয়। দীর্ঘ তল্লাশির একপর্যায়ে বাড়ির ভেতর থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, নির্বাচনের সময় এমনিতেই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করে। এর মধ্যে ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ যাতে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে, সে ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সাতকানিয়া সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শাকিবুজ্জামান পারভেজ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
