ভোটের ফল বুঝে না নিয়ে ঘরে ফিরবেন না: ফটিকছড়িতে জামায়াত প্রার্থী


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফটিকছড়িতে বিশাল শোডাউন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়ে বলেছেন, ভোটের ফল বুঝে না নেওয়া পর্যন্ত কেউ যেন ঘরে না ফেরেন। একই সঙ্গে তিনি ভোটের অধিকার রক্ষায় ভোটের আগের রাত থেকেই কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।

বিকেল সাড়ে চারটা থেকে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ ও এর আশপাশের এলাকা মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে। কলেজ মাঠ থেকে শুরু হওয়া বিশাল গণমিছিলটি বিবিরহাট বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। স্থানীয় ব্যবসায়ী, তরুণ সমাজ ও শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিবিরহাট বাজার কার্যত জনসমুদ্রে পরিণত হয়। মানুষের উপচে পড়া ভিড়, স্লোগান ও উচ্ছ্বাসে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নুরুল আমিন বলেন, এই বিশাল গণমিছিল ফটিকছড়ির নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করেছে। ইনসাফ ও উন্নয়নের রাজনীতির পক্ষে জনমতের শক্ত অবস্থান আজ স্পষ্ট।

তিনি ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা কষ্ট করে ভোটের আগের রাতে ভোটকেন্দ্র পাহারা দেবেন। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্র থেকে ভোটের হিসাব বুঝে নিয়ে তারপর ঘরে ফিরবেন। জনগণের রায় রক্ষাই আমাদের প্রধান দায়িত্ব। তিনি ইনসাফভিত্তিক সমাজ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফটিকছড়ি জোন পরিচালক মামুনুর রশীদ, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সভাপতি শওকত আলী, মহানগর শিবির নেতা খুররম মুরাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক ও ১১ দলীয় নেতা একরামুল হক, ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি, উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমু এবং সাবেক সচিব গোলাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মানুষের এই ভালোবাসা প্রমাণ করে ফটিকছড়ির মানুষ পরিবর্তন চায় এবং তারা আগামীর ফটিকছড়ি গড়তে বদ্ধপরিকর।