১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভোট বিপ্লব হবে: পটিয়ায় এনামুল হক এনাম


চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম বলেছেন, সাধারণ মানুষ বিএনপি ছাড়া অন্য কিছু বোঝে না। বিএনপি গণমানুষের রক্তের সঙ্গে মিশে গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে এর প্রমাণ দেবে জনগণ।

রোববার (৮ ফেব্রুয়ারি) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে ব্যাপক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং বিএনপির রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগকালে এনামুল হক এনাম বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। কৃষকদের সহায়তার জন্য দেওয়া হবে ‘কৃষি কার্ড’ এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘হেলথ কার্ড’ প্রদান করা হবে। তিনি উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা নিয়েছেন, তা বাস্তবায়িত হলে বাংলাদেশের পুরো চিত্র পাল্টে যাবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি বহুবার রাষ্ট্র পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়েছে। কিন্তু বিগত সময়ে ফ্যাসিবাদী সরকার দেশে উন্নয়নের নামে কেবল লুটপাট চালিয়েছে। জনগণ এখন সেই জবাব দিতে প্রস্তুত।

জিরি ইউনিয়নে এই গণসংযোগকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক ও নির্বাচনী সমন্বয়কারী মোরশেদ শফি হিরু, জিরি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম মেম্বার ও আহমদ হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মো. ফোরকান, জাকারিয়া, ফিরোজ, ইসমাঈল, বাহাদুর সাইফু, পটিয়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ওয়াহিদুল আলম পিপলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস. এম. নয়ন প্রমুখ।