রাঙ্গুনিয়ায় ১৩ দফার ঘোষণা: ‘সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়তে চাই’, বললেন ইকবাল হাছান


চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাছান বলেছেন, মুক্তিযুদ্ধের পর দেশে এখনো কাঙ্ক্ষিত সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠেনি। নির্বাচনী ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অচলায়তন ভেঙে তিনি রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চান।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট ক্লাব মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি রাঙ্গুনিয়াকে সম্প্রীতি ও সৌহার্দ্যের জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৩ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেন।

জনসভায় নিজের শেকড়ের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে এই রাঙ্গুনিয়াতেই বেড়ে উঠেছি। আইন পেশায় থাকার কারণে তৃণমূল থেকে উচ্চপর্যায়ের মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তাই রাঙ্গুনিয়ার চার লাখ মানুষের সমস্যা ও সংকট সম্পর্কে আমি ব্যক্তিগত ও সামাজিকভাবে অবগত।’

তিনি বলেন, বর্তমানে রাঙ্গুনিয়ার সবচেয়ে বড় সংকট হলো শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজের অভাব। আসন্ন নির্বাচন গণতন্ত্রের অগ্রযাত্রা এবং রাঙ্গুনিয়ার হৃত গৌরব ও সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সব ধর্ম ও মতের মানুষকে নিয়ে একটি নিরাপদ রাঙ্গুনিয়া গড়ার প্রত্যয় ব্যক্ত করে ইকবাল হাছান ১৩টি সুনির্দিষ্ট খাতের উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। তাঁর ঘোষিত ১৩ দফার মধ্যে উল্লেখযোগ্য হলো—ঐতিহ্যবাহী গোমাই বিল ও কর্ণফুলী নদী রক্ষা, পরিকল্পিত আবাসন ব্যবস্থা, ঘরে ঘরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কৃষি উন্নয়ন এবং প্রবাসী সমস্যার সমাধান।

এছাড়াও তিনি শিক্ষা উন্নয়ন, যুবশক্তি ও কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ, মানবাধিকার ও নাগরিক মর্যাদা রক্ষা, আইনশৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, পরিবেশ ও টেকসই উন্নয়ন এবং অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

সমাবেশে ইসলামী ফ্রন্টের স্থানীয় নেতাকর্মী ও মোমবাতি প্রতীকের বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।