
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি এ দেশে আর চলবে না। একটি দল ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে ভোট দিলে বেহেশতে যাওয়ার প্রলোভন দেখাচ্ছে, কিন্তু জনগণ এখন অনেক সচেতন। তারা এসব ভণ্ডামি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দলের ‘বটবাহিনী’ পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমেই এসব মিথ্যার সমুচিত জবাব দিতে হবে। তিনি আরও বলেন, সর্বত্র ধানের শীষের জোয়ার দেখা যাচ্ছে। জনগণ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, তবে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। জনগণের রায়েই সত্য প্রতিষ্ঠিত হবে এবং দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নের যে পরিকল্পনা হাতে নিয়েছেন, সেখানে দেশের একজন মানুষও বাদ যাবে না। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও সম্মান পুনঃপ্রতিষ্ঠিত হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। তিনি তার বক্তব্যে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, কেন্দ্রীয় যুবদল নেতা মাহফুজুর রহমান ও হাজী রফিক আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়া, জসিম উদ্দিন আবদুল্লাহ, জান্নাতুল নাঈম রিকু, লোকমান হাকিম মানিক, এম এ রহিম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
