বিশ্বকাপ সংকট: বাংলাদেশকে ক্ষতিপূরণের আশ্বাস আইসিসির


টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেট অঙ্গনে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা নিরসনে কিছুটা অগ্রগতি হয়েছে। গতকাল রোববার লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ত্রিপক্ষীয় বৈঠক ‘সফল’ হয়েছে বলে জানা গেছে। বৈঠকে বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেছে আইসিসি।

বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দিয়ে রেখেছিল পাকিস্তান। এতে বড়সড় বিপাকে পড়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সংকট কাটাতে গতকাল লাহোরে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে পিসিবি ও আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির বরাতে জানা গেছে, বিসিবির দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সংকট নিরসনে একটি ‘ফর্মুলা’ বা রূপরেখা প্রস্তুত করা হয়েছে। সূত্রমতে, বিশ্বকাপ থেকে বাদ পড়ার কারণে বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। এছাড়া বিশ্বকাপের লভ্যাংশ এবং ভবিষ্যতে ভারতে কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে বাংলাদেশের ম্যাচগুলো ‘হাইব্রিড মডেলে’ (নিরপেক্ষ ভেন্যুতে) আয়োজন করার সুযোগ রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।

আইসিসি ও বিসিবির এই আলোচনায় প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। কঠিন সময়ে বাংলাদেশের পাশে শক্ত অবস্থান নেওয়ায় পিসিবি প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বৈঠকে আইসিসির পক্ষ থেকে পিসিবিকে অনুরোধ করা হয়েছে, তারা যেন ১৫ ফেব্রুয়ারির হাইভোল্টেজ ম্যাচটি বয়কট না করে। বাংলাদেশের দাবির বিষয়ে আইসিসির ইতিবাচক মনোভাবের কারণে পাকিস্তানও তাদের কঠোর অবস্থান থেকে সরে এসে ভারতের বিপক্ষে খেলতে রাজি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

বিসিবি সূত্র জানিয়েছে, আইসিসির প্রস্তাবিত ফর্মুলা ও পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করতে আজ সোমবার বিকেলেই আবারও আলোচনায় বসতে পারেন আইসিসি ও বিসিবির কর্মকর্তারা। ভারত-পাকিস্তান ম্যাচটি যথাসময়ে মাঠে গড়াবে কি না এবং বাংলাদেশের ক্ষতিপূরণের বিষয়টি কীভাবে বাস্তবায়িত হবে, সেই সিদ্ধান্ত খুব দ্রুতই জানা যাবে বলে আশা করা হচ্ছে।