মানিকছড়িতে ৬০ কৃষক পেলেন হলুদ বীজ ও সার


খাগড়াছড়ির মানিকছড়িতে হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সহায়তা বিতরণ করে।

উপজেলা বিএডিসি গুদাম সংলগ্ন কৃষি অফিস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিপন হোসেন। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। সুবিধাভোগী কৃষক-কৃষাণীরাও এ সময় উপস্থিত ছিলেন।

কৃষি অফিস জানায়, কর্মসূচির আওতায় উপজেলার চারটি ইউনিয়নের মোট ৬০ জন প্রান্তিক কৃষককে এই সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে ১০০ কেজি করে উন্নত মানের পাটনা জাতের হলুদের বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। সব মিলিয়ে এদিন ৬ হাজার কেজি বীজ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে এমন সহায়তা দিয়ে যাচ্ছে। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের হলুদ চাষে আরও আগ্রহী করে তুলবে এবং গ্রামীণ অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।