উন্নয়ন ও ইনসাফভিত্তিক সমাজের প্রতিশ্রুতি নুরুল আমিনের


চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন উপজেলার খিরাম ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। সোমবার দিনভর তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও জনপদ ঘুরে মেহনতি মানুষের খোঁজখবর নেন এবং তাদের কাছে ভোট চান।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও এলাকার উন্নয়ন চাহিদা সম্পর্কে মতামত শোনেন। প্রার্থীর উপস্থিতিতে পুরো ইউনিয়নজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় মুহাম্মদ নুরুল আমিন বলেন, দীর্ঘদিনের অবহেলিত এই জনপদের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই তার মূল লক্ষ্য। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং ইনসাফভিত্তিক সমাজ গড়তে তিনি কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে হলে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।

গণসংযোগে প্রার্থীর সঙ্গে ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ, খিরাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মুফতি নুরুল আলম ও সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ ভোটারদের উন্নয়ন ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রায় দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকার অনুরোধ করেন তারা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আশা প্রকাশ করেন, খিরামবাসী এবার ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে রায় দিয়ে নতুন ফটিকছড়ির সূচনা করবে।