প্রচারণার শেষ দিনে পটিয়ায় জামায়াতের শোডাউন


চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নির্বাচনী প্রচারণার শেষ দিনে বড় ধরনের শোডাউন করেছে জামায়াতে ইসলামী। সোমবার সন্ধ্যায় ১১ দলীয় জোটের প্রার্থী ডা. ফরিদুল আলমের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পটিয়া সদরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে হাজারো নেতাকর্মীর উপস্থিতি নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দেয়।

পটিয়া বায়তুশ শরফ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানেই এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি পটিয়ায় ‘নীরব ভোট বিপ্লব’ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জাফর সাদেক। পটিয়া উপজেলা জামায়াতের আমির জসিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রার্থী ডা. ফরিদুল আলম।

বক্তারা ভোটারদের উদ্দেশে বলেন, পটিয়ার সচেতন মানুষ কোনো অশিক্ষিত ও ঋণখেলাপিকে ভোট দেবে না। চব্বিশের গণআন্দোলনে তরুণ প্রজন্ম যে ঐতিহাসিক ভূমিকা রেখেছে, তা নতুন বাংলাদেশ গড়ার পথ দেখিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি একজন যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করে তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

কালারপোল থানা জামায়াতের আমির মাস্টার জসিম উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম. ইয়াকুব আলী, পটিয়া আসনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী শাহজাহান মহিউদ্দীন, উপজেলা এলডিপির সভাপতি মুনছর আলম এবং পটিয়া পৌরসভা জামায়াতের আমির সেলিম উদ্দীন।

এ সময় উপজেলার নায়েবে আমির সাদেক হোসেন, সেক্রেটারি রাশেদুল ইসলাম ও উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেনসহ জোটের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।