
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের শেষ নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নিয়েছে। সোমবার বিকেলে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে দাঁড়িপাল্লা প্রতীকের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক জড়ো হন। সমাবেশে বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ইনসাফভিত্তিক সুশাসন নিশ্চিতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, “ভয়ভীতি দেখিয়ে আর লাভ হবে না। সব ভয় ৩৬ জুলাই শেষ হয়েছে এবং ৫ আগস্ট ফ্যাসিবাদের কবর রচনা হয়েছে।”
প্রতিপক্ষকে ইঙ্গিত করে শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীতে কোনো চাঁদাবাজ, ব্যাংক লুটেরা কিংবা ঋণখেলাপি নেই। যারা ব্যাংক লুটকারী ও ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে, তাদের লজ্জা হওয়া উচিত। দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স্তরের নাগরিককে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জোট মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় চকরিয়া ও পেকুয়াবাসীর যে ভালোবাসা তিনি পেয়েছেন, তাতে তিনি সিক্ত। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তিনি কী করবেন, তার একটি রূপরেখা তুলে ধরেন।
প্রতিশ্রুতি দিয়ে আব্দুল্লাহ আল ফারুক বলেন, “বিজয়ী হলে পেকুয়ায় সরকারি কলেজ ও সোনালী ব্যাংকের শাখা স্থাপন করব। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে। এছাড়া চকরিয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বন্যা নিয়ন্ত্রণে টেকসই বেড়িবাঁধ নির্মাণ আমাদের অগ্রাধিকার।”
লবণ চাষিদের স্বার্থরক্ষায় সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং লবণ আমদানি বন্ধের ঘোষণা দেন তিনি। পাশাপাশি মাতামুহুরী সাংগঠনিক থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর এবং রাজনৈতিক প্রতিহিংসামুক্ত সমৃদ্ধ চকরিয়া-পেকুয়া গড়ার অঙ্গীকার করেন।
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আক্তার আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা আলী হাসান ওসামা ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আমির মাওলানা আবুল বশর, পৌরসভা আমির আরিফুল কবির, পেকুয়া উপজেলা আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমির মাওলানা ফরিদুল আলম ও চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
