শহীদ পরিবার ও হিন্দু নেতাদের নিয়ে ইশতেহার ঘোষণা নাছেরের


চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. আবু নাছের জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও হিন্দু পরিষদের নেতাদের পাশে রেখে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর চট্টগ্রাম ন্যাশনাল হসপিটাল অ্যান্ড সিগমা ল্যাবের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ১১ দফা সম্বলিত এই ইশতেহার তুলে ধরেন। এতে কালুরঘাট সেতুর দ্রুত বাস্তবায়ন, জলাবদ্ধতা নিরসন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থীর দুই পাশে ছিলেন জুলাই বিপ্লবে শহীদ ওমর বিন নুরুল আবছারের মা রুবি আক্তার এবং শহীদ মাহবুবুল হাসান মাসুমের বড় ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান। এছাড়া হিন্দু পরিষদের নেতা ভুটান বিশ্বাস, পঙ্কজ শীল ও সুজন ভট্টাচার্য এবং বিআইটিআইডির সাবেক পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. বখতিয়ার আলম মঞ্চে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

লিখিত ইশতেহারে ডা. আবু নাছের চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি কালুরঘাট সেতুর বাস্তবায়ন দৃশ্যমান করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে চান্দগাঁও, বোয়ালখালী ও পাঁচলাইশ-বায়েজিদ (আংশিক) এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে কার্যকর পরিকল্পনা গ্রহণের কথা জানান। স্বাস্থ্যখাতের উন্নয়নে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীতকরণ এবং কমিউনিটি ক্লিনিকগুলোকে আধুনিকায়নের ঘোষণা দেন তিনি।

শিল্পখাত ও পর্যটনে বিশেষ নজর দেওয়ার কথা উল্লেখ করে জামায়াত প্রার্থী বলেন, নির্বাচিত হলে আমিন জুট মিলসহ বন্ধ কল-কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। কর্ণফুলী নদীর বোয়ালখালী অংশে ভাঙন রোধ করে পরিকল্পিত নগরায়ন ও শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। এছাড়া জ্যৈষ্ঠপুরা এলাকায় পরিকল্পিত ইকো-ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের অঙ্গীকার করেন তিনি।

সামাজিক সম্প্রীতি ও সুশাসনের ওপর জোর দিয়ে ডা. নাছের বলেন, সব ধর্মাবলম্বীর নিরাপত্তা ও অধিকার সংরক্ষণ করা হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি সরকারি অফিসে ঘুষ-হয়রানি বন্ধে তিনি কঠোর হবেন। এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বেকার যুবকদের জন্য কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির কথাও ইশতেহারে স্থান পায়।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদ ওমর বিন নুরুল আবছারের ভাই আহমদ বিন নুরুল আবছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।