চকরিয়ায় ভোটকেন্দ্রে ঝুঁকি এড়াতে যৌথ বাহিনীর মহড়া


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ে বিশেষ মহড়া (মক টেস্ট) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে এই যৌথ মহড়া পরিচালিত হয়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভোটে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও ঝুঁকি নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউএনও শাহীন দেলোয়ারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৯ বিএসটির মেজর মারুফুল ইসলাম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

এছাড়া বিজিবি ও আনসার বাহিনীর কন্ট্রোলিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন। পরে তারা সরেজমিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে যৌথভাবে মহড়া প্রত্যক্ষ করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে চকরিয়া উপজেলার ১৩০টি ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে।

ওসি আরও জানান, নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবেই মঙ্গলবার দুপুরে ভোটকেন্দ্রভিত্তিক সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে। এই ‘মক টেস্ট’ বা মহড়ার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রগুলোতে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সক্ষমতা যাচাই করেছে। প্রশাসনের লক্ষ্য একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।