
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদের হিসাব প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের এবং তাদের স্ত্রী বা স্বামীর সম্পদের এই বিবরণী সবার জন্য উন্মুক্ত করা হলো। এর মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সরকারের স্বচ্ছতার অঙ্গীকার বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি হলো।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর ২০২৪ সালের ৩০ জুন ও ২০২৫ সালের ৩০ জুন তারিখের সম্পদের বিবরণী তুলে ধরা হয়েছে।
দায়িত্ব গ্রহণের মাত্র দুই সপ্তাহের মাথায় ২০২৪ সালের আগস্ট মাসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তার সরকারের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে নিজেদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন।
দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট উল্লেখ করে সেদিন প্রধান উপদেষ্টা আরও বলেছিলেন, পর্যায়ক্রমে সব সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও সম্পদের হিসাব দেওয়া নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই মঙ্গলবার এই বিবরণী প্রকাশ করা হলো।
