
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচনের শেষ মুহূর্তে নাটকীয় মোড় নিয়েছে। ভোটের মাত্র দুই দিন আগে মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এদের একজন গণঅধিকার পরিষদের রবিউল হাসান তানজিম সমর্থন দিয়েছেন বিএনপিকে এবং অন্যজন স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির করিম সমর্থন জানিয়েছেন জামায়াতে ইসলামীকে।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী রবিউল হাসান তানজিম।
তিনি জানান, কেন্দ্রীয়ভাবে বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের রাজনৈতিক সমঝোতা হয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে তিনি ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি শাহ্ আলম, জ্যেষ্ঠ সহ-সভাপতি মনিরুল ইসলাম, সহ-সভাপতি জি এম ওসমান ও ফটিকছড়ি উপজেলার সভাপতি সালমান সোলাইমানসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির পক্ষে দলটির নেতা মিহির চক্রবর্তী ও সৈয়দ ওমর ফারুক এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার রাতে অপর এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের আহমদ কবির করিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নুরুল আমিনকে সমর্থন জানান।
সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে আহমদ কবির করিম বলেন, “উপজেলার বৃহত্তর স্বার্থে আমি নিজের ইচ্ছায় ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছি। আমার বিশ্বাস, আমার কর্মী-সমর্থকেরা প্রাণের সংগঠন জামায়াতে ইসলামীর প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে তাদের পছন্দের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেবেন।”
এ সময় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল জব্বার, উপজেলা আমির নাজিম উদ্দিন ইমু ও নায়েব আমির আইনজীবী মো. ইসমাইল গণি উপস্থিত ছিলেন।
