১১ দলীয় জোট জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক: এয়াকুব আলী


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী ডা. ফরিদুল আলমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিনখাইন বটতল এলাকায় ফিতা কেটে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এম এয়াকুব আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের জয়-পরাজয়ের বিষয় নয়, এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম। তিনি বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। দুর্নীতি, দুঃশাসন ও অনিয়মের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ।

১১ দলীয় ঐক্য জোট জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে মন্তব্য করে এলডিপি সভাপতি বলেন, ডা. ফরিদুল আলম একজন যোগ্য, সৎ ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করতে জোটের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

কুসুমপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম, ইদ্রিস আলম, কাজী মো. নোমান ও আমিনুর রহমান। এছাড়া মাহাবুবুল আলম, দিদারুল আলম, লোকমান হোসেন, মো. ফোরকান ও মো. আজমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কামাল, জুয়েল ও ইমরানসহ অন্য বক্তারা আগামী নির্বাচন ও গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। ভোটাধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তারা ডা. ফরিদুল আলমের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।