চকরিয়ায় পূরবী বাসের চাপায় ইজিবাইক চালক নিহত


কক্সবাজারের চকরিয়া উপজেলায় বেপরোয়া গতির যাত্রীবাহী ‘পূরবী পরিবহন’-এর বাসের চাপায় মোহাম্মদ তারেক (২২) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের গ্রামীণ ব্যাংক রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মোহাম্মদ তারেক ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তারেক ইজিবাইক চালিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজারমুখী দ্রুতগামী পূরবী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।” তিনি আরও জানান, ঘটনার পর চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।