
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে বিশেষ প্যারেড ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্যারেড ব্রিফিংয়ে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওতাধীন চকরিয়া উপজেলার ১৩০টি ভোটকেন্দ্রে নির্বাচনী কাজে নিয়োজিত স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, কেন্দ্র ইনচার্জ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্য অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামীম কবীর এবং সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। তারা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পেশাদার আচরণ ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, নির্বাচনের আগের দিন থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের করণীয় সম্পর্কে ব্রিফিংয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি তাৎক্ষণিক মোকাবিলা করে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
ওসি আরও বলেন, আমরা আশাবাদী যে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব বজায় রেখে এবং সার্বিক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে যথাযথ দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে চকরিয়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপহার দেওয়া সম্ভব হবে। এ সময় প্যারেড অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
