
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি জেলার ২৯৮ নম্বর সংসদীয় আসনের দীঘিনালা উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর থেকেই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই নারী-পুরুষ ও তরুণ ভোটারদের দীর্ঘ লাইন। কেন্দ্রে কেন্দ্রে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোটাররা জানান, তারা নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোটারদের মধ্যে কোনো ক্লান্তি বা বিরক্তি দেখা যায়নি, বরং তাদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস।
উপজেলার উত্তর কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা আব্দুর রাজ্জাক বলেন, “ভোটার হয়েছি ১১ বছর হলো, কিন্তু বিগত দিনগুলোতে ভোট দিতে পারিনি। এইবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে।”
অন্যদিকে উদাল বাগান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা সুমিতা চাকমা তার প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, “যে আমাদের ছেলেমেয়েদের চাকরি দেবে এবং বাংলাদেশে সুখে-শান্তিতে বাস করার নিশ্চয়তা দেবে, তাকেই ভোট দেব।”
নির্বাচন সুষ্ঠু করতে পুরো উপজেলায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রগুলোর ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে।
