
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার ১২৬টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
সকাল সাড়ে ৮টায় উপজেলার কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা যায়, কেন্দ্রের বাইরে ভোটারদের উপচে পড়া ভিড়। নারী ও পুরুষ ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এই কেন্দ্রে ভোট দিতে আসা আব্দুল মোমেন নামের এক ভোটার জানান, বিগত ১৫ বছর তিনি বিভিন্ন বাধার কারণে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবার শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১৪ ও ১৫ আসনের অন্তর্ভুক্ত সাতকানিয়া উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ১৬৭ জন। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে ১৩ থেকে ১৮ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি পুলিশ সদস্যদের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান জানান, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি বলেন, “প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন এবং কেন্দ্রীয়ভাবে তা মনিটরিং করার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। ডিজিটাল নজরদারি ব্যবস্থার ফলে পেশিশক্তির ব্যবহার, ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের মতো অনিয়মের সুযোগ নেই।”
