হাটহাজারীতে গোলযোগহীন নির্বাচন


চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণে ১৪৩টি কেন্দ্রের কোথাও বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে দু-একটি কেন্দ্র ছাড়া বেশির ভাগ কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল আশানুরূপ কম।

সরেজমিনে দেখা গেছে, বেশিরভাগ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল নগণ্য। যারা ভোট দিতে এসেছেন, তাদের লাইনে দাঁড়ানোর ভোগান্তি পোহাতে হয়নি। ভোটার উপস্থিতি কম থাকায় ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনেকটাই অলস সময় পার করতে হয়েছে এবং তাদের খুব একটা বেগ পেতে হয়নি। তবে কেন্দ্রের ভেতরে ভোটার কম থাকলেও বাইরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্দ্বীপ কলোনি ভোটকেন্দ্র এবং মেখল জানআলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি।

হাটহাজারী পৌরসভার আজিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুলাল বরন দাশ নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে ভোট দিতে দেখা যায়। তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন। সরেজমিনে ৬৩টি কেন্দ্র ঘুরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সকাল ৮টার দিকে তার নিজ এলাকা পৌরসভার মীরের খীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

অন্যদিকে তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ১১ দলীয় ঐক্যজোটের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা নাসির উদ্দীন মুনির দুপুর ১টার দিকে নিজ এলাকা মির্জাপুর ইউনিয়নের চারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।