
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ভোটগ্রহণের শেষ মুহূর্তে উত্তজনা ছড়িয়ে পড়ে। চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আল রায়েদ মাদ্রাসা কেন্দ্রের বাইরে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলার দৃশ্য ভিডিও করতে গিয়ে তিন সাংবাদিক মারধরের শিকার হয়ে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন—ইংরেজি দৈনিক নিউ এইজ-এর সাংবাদিক বশির আল মামুন (৫২), দৈনিক সাঙ্গুর চকরিয়া উপজেলা প্রতিনিধি এইচএম রুহুল কাদের (২৮) এবং দৈনিক নিরপেক্ষ-এর চকরিয়া উপজেলা প্রতিনিধি কফিল উদ্দিন (৩৫)।
জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ অভিযোগ করে বলেন, “বিকেল সাড়ে ৩টার দিকে আল রায়েদ মাদ্রাসা কেন্দ্রে ভোটের পরিবেশ পরিদর্শনে গেলে বিএনপির নেতাকর্মীরা আমার গাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলার ভিডিও ধারণ করতে গেলে আমার সঙ্গে থাকা তিন সাংবাদিককে মারধর করা হয়।”
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন তারা। পরে আহত সাংবাদিকরা চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করছে।
