রাঙামাটিতে বিপুল ভোটে বিজয়ী বিএনপির দীপেন দেওয়ান


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাঙামাটি ২৯৯ সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি প্রায় ১ লাখ ৬৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আসনে মোট ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২০৮টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দীপেন দেওয়ান পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩০ হাজার ৭৭১ ভোট।

এছাড়া খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর সিদ্দিক (রিকশা প্রতীক) পেয়েছেন ২১ হাজার ৪৯১ ভোট।

বাকি ৫টি কেন্দ্রের ফলাফল এখনো পাওয়া না গেলেও বর্তমান ভোটের ব্যবধান বিবেচনায় ফলাফল পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

পাহাড়ের এই আসনে ধানের শীষের এমন নিরঙ্কুশ বিজয়ে নেতাকর্মীদের মধ্যে উল্লাস বিরাজ করছে।