পটিয়ায় ধানের শীষের জয়জয়কার, বিপুল ভোটে বিজয়ী এনামুল হক


চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রাতে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। পটিয়া উপজেলা হলরুমে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।

ঘোষিত ফলাফলে দেখা যায়, এনামুল হক এনাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের এয়ার মুহাম্মদ পেয়ারু মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮০৬ ভোট। এছাড়া ২০ হাজার ৯৪০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফরিদুল আলম।

সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। তবে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়।

ফলাফল ঘোষণার পর পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, পটিয়ার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। একজন নির্যাতিত ও মজলুম নেতাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। পটিয়াবাসীর জন্য উজাড় করে কাজ করবেন এনামুল হক এনাম।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানুর রহমান প্রাথমিক ফলাফল ঘোষণা করলেও চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।