সালাহউদ্দিন যোগ্য ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবেই জিতেছেন: জামায়াত প্রার্থী ফারুখ


কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বিজয়ী বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ। নির্বাচনে পরাজিত হওয়ার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

স্ট্যাটাসে তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার ফয়সালার ওপর আমি সন্তুষ্ট। আমি কক্সবাজার-১ আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি একজন যোগ্য ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবেই জিতেছেন।”

তরুণ এই রাজনীতিবিদ তার নির্বাচনী প্রচারণায় সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “যারা অনেক প্রতিকূলতা, বাধা ও লোভ-লালসা উপেক্ষা করে আমার পক্ষে কাজ করেছেন, ভরসা দিয়েছেন এবং আর্থিকভাবে সাহায্য করেছেন, আমি তাদের কাছে চিরঋণী। সকল পরিস্থিতিতে আমি আপনাদের সাথেই আছি এবং থাকব ইনশাআল্লাহ।”

আব্দুল্লাহ আল ফারুখ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সিভিল প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থাসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত সাংবাদিকদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, “গণমাধ্যমকর্মীরা শুধু সংবাদই সংগ্রহ করেননি, রক্তও দিয়েছেন।” এছাড়া প্রবাসীদের বিপুল পরিমাণ পোস্টাল ভোটের জন্য তাদের প্রতিও অশেষ ভালোবাসা জ্ঞাপন করেন তিনি।

নিজের নির্বাচনী প্রচারণার বিষয়ে তিনি বলেন, “আমি চেষ্টা করেছি একটি সৌহার্দ্যপূর্ণ নির্বাচন করার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যক্তিগত কুৎসা নয়, রাজনৈতিক সমালোচনা করাই ছিল আমার রুচি। প্রচারভিযানে যত ব্যর্থতা ও সীমাবদ্ধতা তার দায়ভার আমার, আর যেটুকু অর্জন তা সবটুকুই নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফল।”

চকরিয়া-পেকুয়া আসনের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, পোস্টাল ও ব্যালট ভোটের মোট যোগফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল্লাহ আল ফারুখ পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৭২৮ ভোট।

খাতওয়ারি হিসাবে দেখা যায়, ১৭৭টি ভোটকেন্দ্রে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট এবং আব্দুল্লাহ আল ফারুখ পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট। তবে পোস্টাল ভোটের ক্ষেত্রে এগিয়ে ছিলেন জামায়াত প্রার্থী। পোস্টাল ব্যালটে আব্দুল্লাহ আল ফারুখ পেয়েছেন ৪ হাজার ৪১৭ ভোট, যেখানে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২ হাজার ২৬১ ভোট।