
বিপুল ভোটে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আবেগাপ্লুত কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী।
তিনি বলেছেন, সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ লোভ-লালসার ঊর্ধ্বে উঠে যে ভালোবাসা ও আস্থা দিয়ে তাকে নির্বাচিত করেছেন, তার জন্য তিনি চিরঋণী। এই ঋণ কোনো অবস্থাতেই শোধ হওয়ার নয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতকানিয়ার ছমদর পাড়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “নির্বাচনী প্রচারণায় আমি বলেছিলাম আপনারা আমাকে একটি ভোট ভিক্ষা দিন, আমি পাঁচ বছর আপনাদের গোলাম হয়ে থাকব। আপনারা সেই ভোট দিয়েছেন। এখন আপনাদের সেবা করাটাই আমার জীবনের প্রধান কাজ।”
তিনি আরও বলেন, নিজের বিবেক, বুদ্ধি ও সামর্থ্য কাজে লাগিয়ে উন্নয়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে আজীবন চেষ্টা চালিয়ে যাবেন। এলাকার যেকোনো সমস্যা, সংকট ও সম্ভাবনায় তিনি সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে দিনভর ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. নুরুল হক এবং সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মো. শাহ আলম, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম, লোহাগাড়া পূজা পরিষদের উপদেষ্টা ও প্রবীণ শিক্ষক মাস্টার সুনীল কুমার চৌধুরী, প্রবীণ শিক্ষক প্রদীপ কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম জেলা সভাপতি পলাশ দাস, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সেক্রেটারি আহমদ হোসাইন এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতা আলমগীর কবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
ব্যবসায়ী নেতা, প্রবীণ শিক্ষাবিদ এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থেকে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানান।
