চকরিয়ায় পাহাড়ি জনপদ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক


কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ি জনপদের একটি বসতবাড়ি থেকে খাইরুন্নিছা বেগম (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রিংভং ছগিরশাহ কাটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত খাইরুন্নিছা বেগম ওই এলাকার আবুল হাশেমের স্ত্রী। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া থানার সেকেন্ড অফিসার এসআই ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু জানান, গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি চকরিয়া থানার ওসিকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরে স্বামী আবুল হাশেমের সঙ্গে স্ত্রী খাইরুন্নিছার ঝগড়া হয়। এরপর আবুল হাশেম ভোট দিতে বাড়ি থেকে বের হয়ে যান এবং দিনভর আর ফেরেননি।

ওসি আরও জানান, স্বামীর ভাষ্যমতে—রাত ৮টার দিকে বাড়ি ফিরে তিনি স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং জনপ্রতিনিধিদের খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে সুরতহাল রিপোর্টের সময় নিহতের হাতে একটি কামড়ের দাগ পাওয়া গেছে, যা রহস্যের সৃষ্টি করেছে।

ময়নাতদন্তের জন্য শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।