
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় অর্জন করে সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিশেষ বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার বার্তায় বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর নেতা তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের জনগণকে অভিনন্দন। এই অঞ্চলের সমৃদ্ধি ও নিরাপত্তা এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার প্রতীক্ষায় আছে যুক্তরাষ্ট্র।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। এর মধ্য দিয়ে দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের নেতৃত্বে আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরছে দলটি। যুক্তরাষ্ট্রের এই বার্তা নতুন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
