
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক অনন্য নজির স্থাপন করেছে চট্টগ্রামের রাউজান উপজেলা। এই উপজেলার একই গ্রাম থেকে তিনজন প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়ে এবার জাতীয় সংসদে যাচ্ছেন। তারা তিনজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে উত্তর চট্টগ্রাম ও নগরীর গুরুত্বপূর্ণ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা এই বিজয় ছিনিয়ে আনেন। নির্বাচিত এই তিন সংসদ সদস্যের বাড়ি রাউজান উপজেলার গহিরা গ্রামে।
ঘোষিত ফলাফলে দেখা যায়, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি আগেও রাউজান-রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তারই ভাতিজা এবং সাবেক মন্ত্রী মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুমাম কাদের চৌধুরী চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২৪২ ভোট। চাচা ও ভাতিজা দুজনেই একই সংসদ থেকে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন।
অন্যদিকে, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী) আসনে বিজয়ী হয়েছেন প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান। তিনি ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই গ্রামের এই তিন কৃতী সন্তানের বিজয়ে রাউজানের গহিরা গ্রামে খুশির আমেজ বিরাজ করছে।
