রান্নাঘরের চুলা থেকে আগুন: হাটহাজারীতে দুই ভাইয়ের ৪ বসতঘর পুড়ে ছাই


চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর মেখল গ্রামের চাঁদ গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দুই ভাই আব্দুল কাইয়ুম ও বেলালের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে আব্দুল কাইয়ুমের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে এবং পার্শ্ববর্তী বেশ কিছু ঘরবাড়ি আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়।

তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আব্দুল কাইয়ুম ও বেলালের চারটি আধাপাকা কক্ষ, রান্নাঘর এবং ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আব্দুল কাইয়ুম জানান, এই অগ্নিকাণ্ডে তাদের অন্তত ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান জানান, তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

মেখল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার দুটি অত্যন্ত অসচ্ছল। আগুনের ঘটনায় তারা এখন খোলা আকাশের নিচে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান। তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন।

তিনি দুর্গত দুই পরিবারকে চাল, ডাল, তেলসহ জরুরি ত্রাণসামগ্রী, ৪টি কম্বল, ২ বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।