
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নগণ্য সংখ্যক ভোট পেয়ে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ছরওয়ার আলম কুতুবী। চরমোনাই পীরের অনুসারী এই প্রার্থী হাতপাখা প্রতীকে দুই উপজেলা মিলিয়ে পেয়েছেন মাত্র ৪ হাজার ৪৭১ ভোট।
চকরিয়া ও পেকুয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ (১২.৫%) না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-১ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৫৪০টি। সেই হিসেবে জামানত রক্ষা করতে যে পরিমাণ ভোটের প্রয়োজন ছিল, তা পেতে ব্যর্থ হয়েছেন হাতপাখার প্রার্থী। ফলাফলে দেখা যায়, ছরওয়ার আলম কুতুবী চকরিয়া উপজেলার ১৩০টি কেন্দ্রে ৩ হাজার ৪১৪ ভোট এবং পেকুয়া উপজেলার ৪৭টি কেন্দ্রে ১ হাজার ৫৭ ভোট পেয়েছেন।
এদিকে এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট পেয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট। প্রধান দুই প্রদ্বিদ্বন্দ্বীর বিশাল ভোটের বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর এই ফলাফলকে ভরাডুবি হিসেবেই দেখছেন স্থানীয়রা।
