
আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা গঠনের সময় ও প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা আশা করছি, আগামী তিন থেকে চারদিনের মধ্যে শপথ অনুষ্ঠিত হয়ে যাবে। নিয়ম অনুযায়ী যদি আমাদের বলা হয় আগামীকাল বা পরশু শপথ হবে, সেটার প্রস্তুতিও আমাদের আছে। আবার যদি বলা হয় তিন দিন পরে হবে, তার প্রস্তুতিও নেওয়া আছে।”
নতুন মন্ত্রীদের শপথ কে পড়াবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বিষয়টি সংসদ সচিবালয় হ্যান্ডেল করে। তাই ওখানের সঙ্গে কথা বলতে হবে। আমি যেটা জানতে পেরেছি সেটা ইনফরমাল, তাই বলতে চাচ্ছি না।”
তবে তিনি জানান, এ ক্ষেত্রে অপশন রয়েছে। স্পিকার, ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ শপথ পড়াতে পারেন। তারা না পারলে সরকার থেকে কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে। অথবা প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনারও শপথ পাঠ করাতে পারেন।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, জাঁকজমকপূর্ণ এই শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকবেন।
