
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকায় বেপরোয়া গতির ইজিবাইকের (টমটম) ধাক্কায় সাদিয়া নামের ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কালারমারছড়া বাজারের সাফা মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সাদিয়া কালারমারছড়া ইউনিয়নের গোলাম মোস্তফা প্রকাশ ভেটো মাঝির মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে বাজার সদাই শেষে বাড়ি ফিরছিল শিশু সাদিয়া। এ সময় উল্টো দিক থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়ার বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, মহেশখালীতে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে ইজিবাইক ও ড্রামট্রাক তুলে দেওয়ায় সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর আগেও বহুবার এমন দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে ব্যবস্থা নেওয়া হলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে তা যথেষ্ট কার্যকর হচ্ছে না বলে দাবি এলাকাবাসীর।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “নিহতের পরিবার ঘাতক চালকের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবে না বলে জানিয়েছে। তবে পরিবার মামলা না করলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। প্রাণঘাতী ও অদক্ষ চালকদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং ইজিবাইক ও ড্রামট্রাক নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হবে।”
