মঙ্গলবার শপথ নিচ্ছেন নবনির্বাচিত এমপিরা, শপথ পড়াবেন সিইসি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন সকালে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠন করতে যাওয়া দল বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের পর শুক্রবার রাতেই বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পর থেকেই জাতীয় সংসদ সচিবালয় নবনির্বাচিতদের বরণ করে নিতে এবং শপথ অনুষ্ঠানের আয়োজন করতে তোড়জোড় শুরু করেছে। সাধারণত স্পিকার শপথ বাক্য পাঠ করালেও বর্তমান বিশেষ পরিস্থিতিতে সিইসি এই দায়িত্ব পালন করবেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, আপাতত ১৭ তারিখ শপথ অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে তারা প্রস্তুতি গ্রহণ করছেন। সংসদ ভবনের শপথকক্ষ প্রস্তুত করা হচ্ছে এই মাহেন্দ্রক্ষণের জন্য।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এর মধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো জারি করা হয়নি।

ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলাফল স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

এছাড়া বিএনপির শরিক দলগুলো পেয়েছে ৩টি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্য শরিকরা ৯টি আসনে জয়লাভ করেছে।

মঙ্গলবারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।