
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ফলাফল মেনে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার ভোট গণনা নিয়ে প্রশ্ন তুলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই পোস্টটি দিয়েছিলেন তিনি, যা পরে আর খুঁজে পাওয়া যায়নি।
সরিয়ে নেওয়া ওই পোস্টে জামায়াত আমির লিখেছিলেন, বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করেছে। দল হিসেবে জামায়াত এই ফলাফলকে স্বীকৃতি দেয় এবং সাংবিধানিক প্রক্রিয়াকে সম্মান করে। তবে জাতীয় নির্বাচনের এই ফলাফল আরও গভীর ও জটিল বাস্তবতার ইঙ্গিত দেয় বলেও উল্লেখ করেছিলেন তিনি।
শনিবার রাতে দেওয়া ওই পোস্টে শফিকুর রহমান দাবি করেন, প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে জামায়াত শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু বর্তমান নির্বাচন পদ্ধতিতে লাখ লাখ ভোট কাঠামোগতভাবে যথাযথ মূল্যায়ন পায় না।
তিনি লেখেন, “৫৩টি আসনে বিএনপি জোট কয়েক শত থেকে কয়েক হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। কয়েকটি আসনের ফলাফল নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে পর্যালোচনাধীন রয়েছে এবং আমরা আইনের আওতায় বৈধ সকল পন্থায় প্রচেষ্টা চালাব।”
তবে আইনি লড়াইয়ের এই ঘোষণা জাতীয় ফলাফল প্রত্যাখ্যান নয় বলেও স্পষ্ট করেছিলেন তিনি। পোস্টে বলা হয়, এটি নির্দিষ্ট যেসব আসন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, সেখানে ভোটের স্বচ্ছতা ও সততা রক্ষার দায়িত্বশীল প্রচেষ্টা মাত্র।
যেসব স্থানে ভোট গণনায় বিলম্ব, অনিয়ম বা বিরোধের অভিযোগ উঠেছে, সেখানে জামায়াত জোটের প্রতিনিধিরা আইনগত কাঠামোর মধ্যে পুনর্গণনা ও আইনি প্রতিকারের চেষ্টা করছেন বলেও জানিয়েছিলেন তিনি।
নতুন সরকার গণভোটের ফলাফলকে সম্মান করবে—এমন আশাবাদ ব্যক্ত করে জামায়াত আমির লিখেছিলেন, অনেক ত্যাগ ও সংস্কারের চেতনায় প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে প্রায় ৬৮ শতাংশ ভোটার সংস্কারের পক্ষে রায় দিয়েছে, যা স্পষ্ট জাতীয় ম্যান্ডেট। নতুন সরকার এই ম্যান্ডেটকে সম্মান করে আইনের শাসন সমুন্নত রাখবে এবং সংযম ও জবাবদিহিতার সঙ্গে শাসন পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পোস্টে তিনি নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এছাড়া সরকার গঠন করতে যাওয়া বিএনপিকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন, “তারা যেন বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রমাণ করেন, সংবিধানের নিয়মের মধ্যে থেকে দেশ পরিচালনা করবেন। আইন লঙ্ঘনকারী যে কোনো কর্মীকে পক্ষপাতিত্ব ছাড়াই জবাবদিহির আওতায় আনবেন।”
স্ট্যাটাস সরিয়ে ফেলার বিষয়ে জানতে চাইলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অলিউল্লাহ নোমান শনিবার রাতে বলেন, “জামায়াত আমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ফলাফল স্বীকৃতি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তবে তিনি পোস্ট সরিয়ে নিয়েছেন কি না জানি না, খোঁজ নিয়ে পরে জানাতে পারব।”
