হাটহাজারীতে নৌকায় হামলা, নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ


চট্টগ্রামের হাটহাজারীতে ওরশে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার মুখে পড়ে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের রামদাশ মুন্সির হাট এলাকার হালদা নদী খেয়াঘাটে এ ঘটনা ঘটে। রোববার বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ যুবকের নাম সাব্বির (২১)। তিনি রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মৈশকরম গ্রামের মানাউল্লাহ চৌধুরী বাড়ির আবদুল মান্নানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাব্বির তার ৮-১০ জন বন্ধুকে নিয়ে নৌকাযোগে মাদার্শা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন হযরত আবদুল করিম শাহ (র.)-এর বার্ষিক ওরশে যাচ্ছিলেন। তাদের বহনকারী নৌকাটি রামদাস মুন্সির হাট খেয়াঘাটে পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে নৌকায় থাকা সবাই নদীতে ঝাঁপ দেন। সঙ্গীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির স্রোতের তোড়ে তলিয়ে যান।

ঘটনার সময় সাব্বিরের সঙ্গে থাকা তার বন্ধু মারুফ জানান, অতর্কিত হামলার শিকার হয়ে তারা নৌকা থেকে নদীতে লাফ দেন। অন্যরা কূলে উঠতে পারলেও সাব্বির আর উঠে আসতে পারেননি। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, দুই পক্ষের পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

সাব্বিরের বড় ভাই মো. টিপু রোববার বিকেলে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, “কারা এই হামলা চালিয়েছে, তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।”

হাটহাজারী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, খবর পেয়ে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ছয় সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। রোববার বিকেল পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।

রামদাশ মুন্সির হাট নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রমজান বলেন, গভীর রাতে খবর পাওয়ার পর থেকেই নদীতে অভিযান চালানো হচ্ছে।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।