খুলশীতে কাভার্ড ভ্যানে মিলল ফেন্সিডিল-গাঁজা, চালক গ্রেপ্তার

Arrest
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। রোববার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম শেকান্তুর হোসেন (৪০)। তিনি ওই কাভার্ড ভ্যানের চালক বলে জানিয়েছে পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির (উত্তর) টিম-০২ এর একটি দল খুলশী থানাধীন ডায়াবেটিক জেনারেল হাসপাতালের বিপরীতে ফুটওভার ব্রিজের নিচে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানকে (চট্ট মেট্রো-ট-১১-৭১২৩) থামার সংকেত দেওয়া হয়। গাড়িটি থামানোর পর তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছন থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা গাঁজাগুলো বাদামি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি পুটলায় রাখা ছিল। প্রতি পুটলায় দুই কেজি করে গাঁজা পাওয়া যায়। এছাড়া ফেন্সিডিলগুলো একটি সাদা প্লাস্টিকের বস্তায় লুকানো ছিল। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনেই এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তার শেকান্তুর হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।