প্রাণ বাঁচাতে হালদায় ঝাঁপিয়ে নিখোঁজ সাব্বির, একদিনেও মেলেনি খোঁজ


চট্টগ্রামের রাউজানে হালদা নদী পার হয়ে ওরসে যাওয়ার পথে ‘কিশোর গ্যাংয়ের’ হামলার মুখে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে এক তরুণ নিখোঁজ হয়েছেন। শনিবার রাতে হালদা নদীর রামদাস মুন্সির হাট এলাকার উত্তর মাদার্শা অংশে এ ঘটনা ঘটে। একদিন পেরিয়ে গেলেও রবিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ সাব্বির (২০) রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মৈশকরম এলাকার মানাউল্লাহ চৌধুরী বাড়ির আবদুল মান্নানের ছেলে। তিনি ও তার বন্ধুরা নদী পার হয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

নদীর পাড়ের বাসিন্দারা জানান, শনিবার রাতে সাব্বির ও তার বন্ধুদের বহনকারী নৌকাটি ঘাটে পৌঁছামাত্র অজ্ঞাত একদল কিশোর তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাঁশ ও নৌকার বৈঠা দিয়ে তাদের মারধর শুরু করে। এ সময় নৌকায় থাকা সাব্বিরসহ অন্তত ১০ জন বন্ধু হামলা থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেন। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাব্বির পানিতে তলিয়ে যান।

রবিবার সকালে বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল পর্যন্ত নদীতে টানা তল্লাশি চালিয়েও সাব্বিরের কোনো হদিস পাওয়া যায়নি। তবে বিকেলে নদী থেকে তার পরনের একটি সোয়েটার উদ্ধার করা হয়েছে।

রামদাস মুন্সির হাট নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রমজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পর শনিবার রাত থেকেই আমরা নদীতে অভিযান চালাচ্ছি। রবিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি, তবে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।