
চট্টগ্রামের বাঁশখালীতে মাদ্রাসা থেকে মায়ের হাত ধরে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নাওরির আবছার মীমফা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম সাধনপুর ডিসি সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি পশ্চিম সাধনপুর ৭ নম্বর ওয়ার্ড এলাকার ওমান প্রবাসী মো. নুরুল আবছারের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য শওকত ওসমান জানান, প্রতিদিনের মতো মাদ্রাসা ছুটি শেষে মায়ের হাত ধরেই বাড়ি ফিরছিল মীমফা। সে পশ্চিম সাধনপুর সিরাজুল মোস্তফা নূরানী মাদ্রাসার ছাত্রী ছিল। ডিসি সড়ক এলাকায় পৌঁছালে দক্ষিণ দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মায়ের হাত ফসকে মীমফা দূরে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গুণাগরি আয়েশা সিদ্দিকা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। চমেকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার পুলিশ কর্মকর্তা সুধাংশু শেখর হালদার বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
