
চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনীকে ‘ম্যানেজ’ করার গুজব ছড়িয়ে রাতের আঁধারে কৃষিজমির উর্বর মাটি (টপসয়েল) কাটার চেষ্টা পণ্ড করে দিয়েছে সেনাবাহিনী। রোববার গভীর রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত একাধিক এক্সক্যাভেটর ও ডাম্প ট্রাক বিকল করে দেওয়া হয়।
সেনা সূত্র জানায়, একটি চক্র স্থানীয়ভাবে প্রচার চালায় যে তারা সেনাবাহিনীর অনুমতি নিয়েই টপসয়েল কাটছে। মূলত স্থানীয়দের বিভ্রান্ত করে এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ইটভাটায় মাটি সরবরাহ করাই ছিল তাদের উদ্দেশ্য। তবে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেয় সাতকানিয়া আর্মি ক্যাম্প।
ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানির নেতৃত্বে একটি টহল দল রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায়, কৃষিজমি থেকে মাটি কেটে ট্রাকে ভরার কাজ চলছে পুরোদমে। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা চারটি এক্সক্যাভেটর, আটটি ডাম্প ট্রাক ও দুটি শ্যালো মেশিন ফেলে পালিয়ে যায়। পরে এসব যন্ত্রাংশ বিকল করে দেওয়া হয়, যাতে পুনরায় অবৈধ কাজে ব্যবহার করা না যায়।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, সেনাবাহিনীকে জড়িয়ে গুজব ছড়িয়ে অবৈধভাবে টপসয়েল কাটার চেষ্টা করা হয়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিয়েছি। আইনবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়ায় জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। সেনাবাহিনীর এমন কঠোর পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
