পটিয়ায় খেলার ছলে পুকুরে, ৩ বছরের শিশুর মৃত্যু


চট্টগ্রামের পটিয়ায় বাড়ির আঙিনায় খেলার সময় সবার অগোচরে পুকুরে পড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম আবদুর রহমান; সে ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের প্রবাসী মামুন চৌধুরীর ছেলে।

পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, বিকেলে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। পরিবারের সদস্যরা তখন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে খেলতে খেলতে শিশুটি সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

দ্রুত তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।